গাংনীতে আ.লীগের দুই পক্ষের গোলাগুলি
সরকারিভাবে গম ক্রয়ের কর্তৃত্ব নিয়ে বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার উপজেলা শহরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গম ক্রয় অভিযানের কর্তৃত্ব নিয়ে মেহেরপুর-২ আসনের সাংসদ মকবুল হোসেন এবং উপজেলা যুবলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ভ্যান্ডার আশরাফুল ইসলামের পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ী ও পথচারী জানান, গতকাল গাংনীতে সরকারিভাবে গম ক্রয় অভিযানের উদ্বোধনী দিন ছিল। সকালে গম ক্রয়ের কর্তৃত্ব নিতে দুই পক্ষ খাদ্যগুদামের দুই দিকে অবস্থান নেয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে বেলা সাড়ে ১১টার দিকে শহরে পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতির অবনতি হলে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়। দুপুরে আশরাফুলের পক্ষের একজনকে মকবুলের পক্ষ মারধর করেছে—এমন খবর ছড়িয়ে পড়লে আশরাফুলের লোকজন মকবুলের বাড়ি লক্ষ্য করে ইট এবং পাঁচটি গুলি ছোড়ে। এরপর মকবুলের পক্ষ আশরাফুলের বাড়ি লক্ষ্য করে দুটি গুলি ও ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ আশরাফুলের বাড়ি তল্লাশি করে তিনটি গুলিসহ একটি শটগান উদ্ধার করে।
সাংসদ মকবুল হোসেন অভিযোগ করেন, আশরাফুল নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করলেও মূলত তিনি বিএনপি করেন। অবৈধ অর্থের মাধ্যমে সবাইকে জিম্মি করে এখন তিনি সরকারিভাবে গম ক্রয়ের নিয়ন্ত্রণ নিতে চান। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে আশরাফুলের লোকজন আওয়ামী লীগের নেতা আকমল হোসেন ও নুরুল আমিন হত্যা মামলার আসামিদের নিয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং গুলি ছোড়ে।
তবে আশরাফুল ইসলাম বলেন, গাংনীতে গম সিন্ডিকেটের হোতা মজিরুল ইসলাম মকবুল হোসেনের ঘনিষ্ঠ। এই মজিরুল সাত বছর ধরে কৃষকদের কাছ থেকে গম না কিনে ফড়িয়াদের কাছ থেকে নিম্নমানের গম কিনে প্রতি মৌসুমে তিন থেকে চার কোটি টাকার দুর্নীতি করেন। এবার ওই সিন্ডিকেটটি ভেঙে দেওয়ার উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে গুলি ও উত্তেজনার ঘটনা ঘটে।