গাংনীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেনকে আজ বৃহস্পতিবার সকালে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা–সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে বলে পরিবার অভিযোগ করছে। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

নিহত ব্যক্তির পরিবারের ভাষ্য, বড় ভাই আবদুল হান্নানের জামাতা একই এলাকার মাজেদুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল কামালের। এর জেরে আজ সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে কামাল হোসেন গাংনী থেকে ষোলটাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে সকাল ১০টার দিকে তাঁর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সজীব উদ্দীন স্বাধীন বলেন, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।