গাংনীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, ভাই আহত
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল হোসেনকে গতকাল বৃহস্পতিবার কুপিয়ে হত্যা করা হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়েছে।
নিহত কামাল হোসেন (৪০) ষোলটাকা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। হামলাকারীদের ঠেকাতে গিয়ে তাঁর ভাইও আহত হয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সজীব উদ্দীন বলেন, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত কামাল হোসেনের পরিবারের সদস্যরা বলেন, বড় ভাই আবদুল হান্নানের জামাতা মাজেদুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল কামালের। ওই ঘটনার জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের খবর পেয়ে কামাল হোসেন গাংনী থেকে ষোলটাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে সকাল ১০টার দিকে তাঁর ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।
এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন তাঁর ভাই কফিল উদ্দীন (৪২)। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন কামাল। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। আর তাঁর ভাই কফিলকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে পাঠানো হয়।
কামাল হোসেনের স্ত্রী শাপলা খাতুন বলেন, ছয় মাস আগে কামালের সঙ্গে মাজেদুল ও মাজেদুলের ভগ্নিপতি রহমতুল্লার দেড় কাঠা রেওয়াজি সম্পত্তি নিয়ে বিরোধ শুরু হয়। গতকাল সকালে জমিটি নিয়ে আবারও ঝামেলা হয়। মাজেদুলও ষোলটাকা ইউনিয়নের বাসিন্দা।
এদিকে ঘটনার পর থেকে মাজেদুল ইসলাম পলাতক। তাঁর ফোনও বন্ধ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে।