গাংনীতে ইটভাটার মালিককে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনীতে আবুল খায়ের (৩৮) নামের ইটভাটার এক মালিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে গাংনী শহরের ওলিপাড়া এলাকায় তাঁর ওপর হামলা চালানো হয়। দিবাগত রাত তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল খায়ের।
নিহত ব্যক্তির পরিবারের দাবি, চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অনেক দিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
আবুল খায়ের গাংনী থানাপাড়ার মুক্তার হোসেনের ছেলে। থানাপাড়া এলাকায় ভাই ভাই নামের একটি ইটভাটার মালিক ছিলেন তিনি। এ ছাড়া তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর ইনসারুল হকের ছোট ভাই।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে গাংনী বাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবুল খায়ের। গাংনী থানা থেকে দেড় কিলোমিটার ও বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে ওলিপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তারা আবুল খায়েরের মাথা ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তিনি মারা যান।
পুলিশ বলছে, অনেক দিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুল মালেক বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। রাতে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যক্তির বড় ভাই জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর ইনসারুল হক প্রথম আলোকে বলেন, চার-পাঁচ দিন আগে ওই সন্ত্রাসীরা আবুল খায়েরের কাছে ইটভাটার জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি করে। বিষয়টি তিনি (আবুল খায়ের) থানা-পুলিশকে মৌখিকভাবে জানিয়েও ছিলেন। তিনি আরও বলেন, এর আগেও গত বছর চাঁদার দাবিতে এই সন্ত্রাসীরা তাঁর ভাইকে মারধর করেছিল। একই ঘটনায় তাঁর আরেক ভাই এনামুল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় সন্ত্রাসীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে ছাড়া পেয়ে তারা এলাকায় চলে আসে। মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তারা ক্ষুব্ধ ছিল।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে মারামারির মামলাও হয়েছে।
ওসি জানান, ওই বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। রাজশাহীতে ময়নাতদন্ত শেষে লাশ বিকেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।