গাংনীতে উত্ত্যক্ত করায় দুই তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে গাংনীতে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে দুই তরুণকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় গাংনী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ দুজনকে এক বছর করে এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার বামন্দী এলাকার মো. বিপ্লব হোসেন (১৯) ও মো. বাচ্চু (১৯)।

গত সোমবার দুপুরে পরীক্ষা দিয়ে বাবার সঙ্গে বাড়ি ফেরারপথে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এক ছাত্রীকে কয়েক তরুণ উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে মেয়েটির বাবাকে কিল-ঘুষি মেরে জামা ছিঁড়ে ফেলেন। ঘটনার পরপরই ওই ব্যক্তি প্রতিকার চেয়ে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান চালায়। মঙ্গলবার সকালে বামন্দী এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশ উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা উত্ত্যক্তের বিষয়টি শিকার করেন। পরে তাঁদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে মারধর’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।