গাংনীতে কাতার ফেরত এক ব্যক্তির লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় কাতারফেরত এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল আটটার দিকে গাংনী শহরসংলগ্ন ঝিনেরপুল এলাকায় সড়কের পাশে ঝোপের ভেতর থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩৭)। তাঁর বাড়ি মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে। হত্যার ঘটনায় বাবা আবদুল হামিদ মল্লিকের অভিযোগের ভিত্তিতে মিলনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্র জানায়, প্রায় তিন মাস আগে মিলন হোসেন কাতার থেকে বাড়ি ফেরেন। গাংনী শহরের বন বিভাগপাড়ায় তিনি একটি বাড়ি তৈরি করছেন। নির্মাণাধীন ওই বাড়িতে তিনি স্ত্রীকে নিয়ে বাস করেন। গত রোববার সন্ধ্যার আগে শ্যামপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে গাংনীর উদ্দেশে রওনা দেন তিনি। পরে তাঁর খোঁজ মেলেনি। গতকাল সকালে স্থানীয় ব্যক্তিরা ঝিনেরপুল এলাকার সড়কের পাশে একটি ঝোপের ভেতরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।