গাংনীতে চিকিৎসককে হত্যার হুমকি
মেহেরপুরের গাংনী উপজেলায় মামলা প্রত্যাহারের জন্য সজীব উদদীন নামের এক চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলা সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কয়েক ব্যক্তি তাঁকে এই হুমকি দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ সজীব উদদীন তাঁর স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে গাংনী শহরের সন্ধানী স্কুলপাড়ায় হাঁটাহাঁটি করছিলেন। এ সময় কয়েকজন যুবক স্ত্রী ও শ্যালিকাকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে তাঁরা সজীব উদদীনকে মারধর করেন। পরদিন সজীব উদদীন বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
সজীব উদদীন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তবে রোগী দেখতে তিনি গাংনীতে আসেন। সজীব উদদীন অভিযোগ করে বলেন, সোমবার সকালে তিনি গাংনী শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের চেম্বারে রোগী দেখছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে অপরিচিত কয়েকজন যুবক চেম্বারে প্রবেশ করেন। সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে লাশ ফেলে দেওয়া হবে বলে তাঁরা হুমকি দেন।