পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারের একটি পুকুর থেকে আজ শনিবার ভোরে শুকুর আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, তিনি যুবলীগের সাবেক নেতা ছিলেন। মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে বলে তাঁদের ধারণা।

শুকুর আলীর বাড়ি বামন্দী-নিশিপুর গ্রামে। পরিবার বলছে, তিনি বামন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা বলছে, ভোরে মসজিদ থেকে নামাজ আদায় করে স্থানীয় কয়েকজন মুসল্লি বামন্দী গোহাট সংলগ্ন সরকারি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পুকুরে শুকুরের লাশ দেখতে পান। পরে তাঁরা লাশ টেনে তুলে পুলিশকে খবর দেয়।

নিহত শুকুরের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, গতকাল শুক্রবার রাত নয়টার দিকে শুকুর আলী বাড়ি থেকে বামন্দী বাজারে যান। রাতে আর ফিরে আসেনি। পূর্ব বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন বলেন, শুকুর পুকুরে পড়ে মারা গেছেন, না তাঁকে হত্যা করা হয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।