গাংনীতে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় পুলিশ সদস্য আলাউদ্দীন শেখ হত্যা মামলার প্রধান আসামি আনিছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুরের মশান গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে গাংনী থানা-পুলিশ। গতকালই আনিছুরকে কারাগারে পাঠানো হয়েছে।
আলাউদ্দিন গাংনী পীরতলা পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে কাজিপুর এলাকায় গত ২৪ আগস্ট রাত ১০টার দিকে টহল দিচ্ছিলেন। এ সময় তাঁরা মাদক ব্যবসায়ীদের একটি মাইক্রোবাসের গতিরোধের চেষ্টা করলে চোরাকারবারীরা প্রথমে আলাউদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
পরে তারা আলাউদ্দিনকে গাড়িতে তুলে নিয়ে হত্যা করে রাস্তায় ফেলে দেয়।
এ ঘটনায় পীরতলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সুবীর রায় বাদী হয়ে পরদিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গাংনী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত একটার দিকে আলাউদ্দিনের অবস্থান জানতে পেরে গাংনী পুলিশ মিরপুরের বলিদাপাড়ায় অভিযান চালায়। ভোরের দিকে পাশের মশান গ্রামের কালু মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে আনিছুরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান ও গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন।
জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন প্রথম আলোকে জানান, গতকাল দুপুরে আদালতের মাধ্যমে আনিছুরকে কারাগারে পাঠানো হয়েছে।