গাংনীতে প্রধান শিক্ষককে হাতুড়িপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বছরের প্রথম দিন বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে যাওয়ার পথে এক প্রধান শিক্ষককে হাতুড়িপেটা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতা মামুন হোসেন এ হাতুড়িপেটা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাতুড়িপেটায় আহত প্রধান শিক্ষকের নাম রফিকুল ইসলাম (৩৮)। তিনি গাংনী উপজেলার ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ উঠেছে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে সভাপতি হতে না পেরে মামুন হোসেন প্রধান শিক্ষকের ওপর এ হামলা চালান। মামুন হোসেন উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দেবীপুর গ্রামের বাসিন্দা।
আহত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের ভাষ্যমতে, সকালে গাংনী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমে যোগ দিতে যাচ্ছিলেন। পৌনে নয়টার দিকে বিদ্যালয় থেকে আধা কিলোমিটার দূরে দেবীপুর গ্রামে পৌঁছালে সড়কে হঠাৎ করে মামুন হোসেন তাঁর গতিরোধ করেন। মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে তিনি পোশাকের আড়াল থেকে একটি হাতুড়ি বের করে প্রধান শিক্ষকের কোমর ও ডান পায়ে পেটাতে থাকেন। একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে মামুন হোসেন পালিয়ে যান।
কান্নাজড়িত কণ্ঠে প্রধান শিক্ষক আরও বলেন, ‘আঘাতকারী দেবীপুর গ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। গত ১৭ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে এলাকার মুক্তিযোদ্ধা আবদুল বারী সভাপতি নির্বাচিত হন। মামুন হোসেনও এ পদে প্রার্থী ছিলেন। পরাজিত হয়ে মামুন হোসেন আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই ঘটনার জের ধরে তিনি আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেন। মামুন হোসেন খুব প্রভাবশালী।’ তিনি আরও বলেন, এরপর আমার পরিবারের ওপরও হামলা হতে পারে। তাই এ ঘটনায় তিনি কোনো মামলা করতে চান না।
এদিকে প্রধান শিক্ষককে উদ্ধার করে প্রথমে বিদ্যালয়ে নেওয়া হয়। এ সময় হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও কয়েক শ এলাকাবাসী বিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন। তাঁরা অবিলম্বে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার ও তাঁর শাস্তি দাবি করেন। পরে আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক ইসমেত জেরিন বলেন, প্রধান শিক্ষকের কোমরে ও ডান হাঁটুতে হাতুড়ির আঘাত রয়েছে। কোমরের হাড় ভেঙেছে কি না, সেটা দেখার জন্য এক্স-রে করতে দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগের ব্যাপারে কথা বলতে মামুন হোসেনের মুঠোফোনে দুপুর থেকে বিকেল পর্যন্ত যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে শিক্ষকের চিকিৎসা চলছে। অপরাধীকে শিগগিরই ধরে আইনের আওতায় নেওয়া হবে বলে বিক্ষোভকারীদের আশ্বস্ত করা হয়েছে। একজনের নাম পাওয়া গেছে। তাঁকে ধরতে অভিযান চলছে।