গাংনীতে প্রবাসী খুন
মেহেরপুরের গাংনীতে মিলন হোসেন (৩৭) নামের এক প্রবাসী খুন হয়েছেন। আজ সোমবার সকালে গাংনী শহরসংলগ্ন ঝিনেরপুল এলাকায় সড়কের পাশের ঝোপ থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। মিলন কাতারপ্রবাসী ছিলেন। তাঁর বাবার অভিযোগ, মিলনের স্ত্রীর পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের ভাষ্য, মাস তিনেক আগে কাতার থেকে ফেরেন মিলন। গাংনী শহরের বন বিভাগপাড়ায় তিনি একটি বাড়ি নির্মাণ করছিলেন। ওই নির্মাণাধীন বাড়িতে স্ত্রীকে নিয়ে বাস করছিলেন তিনি। গতকাল রোববার সন্ধ্যার আগে শ্যামপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে গাংনীর উদ্দেশে রওনা দেন মিলন। সারা রাত তাঁর খোঁজ মেলেনি। আজ সকালে তাঁর লাশ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত মিলনের বাবা আবদুল হামিদ মল্লিকের অভিযোগ, মিলন বিদেশে থাকাকালে তাঁর স্ত্রী এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ওই ঘটনার জের ধরেই মিলনকে হত্যা করা হয়েছে বলে তাঁর ধারণা।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, লাশ উদ্ধারের স্থানে একটি রক্তমাখা হাতুড়ি পাওয়া গেছে। মিলনকে মাথায় হাতুড়িপেটা করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিলনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। মিলনের স্ত্রীর কথিত প্রেমিককে আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।