গাংনীতে ব্যবসা-প্রতিষ্ঠান থেকে হাতবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানা সড়ক থেকে গতকাল রোববার সকালে বোমাসহ একটি ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। গত ২০ দিনে গাংনীতে ১০টি বোমা উদ্ধার হয়েছে। তবে এসব ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে থানা সড়কের মাছের খাবার বিক্রয়কারী প্রতিষ্ঠান মেঘাফিডের তালাবদ্ধ ঘরের কড়ায় বোমাসহ একটি ব্যাগ ঝুলতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বোমাসহ ব্যাগটি থানায় নিয়ে যায়। দোকানের মালিক সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসীদের ভয়ে তিনি গ্রাম ছেড়ে গাংনী শহরে এই ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। কিন্তু সন্ত্রাসীরা পিছু ছাড়েনি। মুঠোফোনে হুমকি দিয়ে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, এর আগে ১ সেপ্টেম্বর সকালে গাংনী বাসস্ট্যান্ডে নির্মাণাধীন একটি ভবনের দোতলা থেকে দুটি বোমাসহ একটি পলিথিনের ব্যাগ পাওয়া যায়।
এভাবে গত ২০ দিনে সাতটি ঘটনায় শহরের বিভিন্ন স্থান থেকে ১০টি বোমা উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, বোমাগুলো হাতে তৈরি৷ তবে এই বোমাবাজ চক্রকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।