গাংনীতে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে হাবিবুর রহমান (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ধর্মচাকী গ্রামের রাস্তায় পড়ে থাকা অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাবিবুর রহমান গাংনী শহরের থানাপাড়া এলাকার শাহার আলী ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। তাঁর শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। আপাতত একটা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

থানা-পুলিশ ও হাবিবুরের পরিবার সূত্রে জানা গেছে, সকালে গ্রামের কয়েক ব্যক্তি সড়কে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

ঘটনাস্থলে হাবিবুর রহমানের মা রজিফা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, হাবিবুর রহমান ধর্মচাকী গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন। বুধবার রাতে মোবাইল ফোনে জানান, তাঁর বুকে ব্যথা হচ্ছে, হয়তো সে বাঁচবে না, এ জন্য দোয়া চান।