গাংনীতে যুবলীগ, যশোরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক লিটন হোসেনকে গতকাল মঙ্গলবার সকালে অস্ত্র ও বোমাসহ গ্রেপ্তার করে র্যাব। এর প্রতিবাদে যুবলীগের নেতা-কর্মীরা সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাংনী-কুষ্টিয়া সড়ক অবরোধ করে যানবহন চলাচল বন্ধ করে দেন। এদিকে আট মামলার আসামি যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবুকে (৩৫) গতকাল সকালে গ্রেপ্তার করেছে পুলিশ।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরুজ্জামান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব সদস্যরা গতকাল ভোরে মটমুড়া ইউনিয়নের ছাতিয়ান গ্রামে লিটন হোসেনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক র্যাব বাড়ি থেকে হাতে তৈরি দুটি বোমা, একটি শাটার গান জব্দ করে। এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দেওয়া হবে। এ ছাড়া লিটনের বিরুদ্ধে গাংনী থানায় একাধিক বোমা ও চাঁদাবাজির মামলা আছে।
গ্রেপ্তারের প্রতিবাদে গাংনীর বামুন্দীতে মটমুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হবিবুর রহমানের নেতৃত্বে লোকজন গাংনী-কুষ্টিয়া সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় অবরোধকারীরা লিটনের মুক্তি চেয়ে স্লোগান দেন এবং পথসভা করেন।
লিটনের ছোট ভাই মিজানুর রহমান (৩৩) পুরো ঘটনাকে ষড়যন্ত্র দাবি করে বলেন, র্যাব সদস্যরা ভোরে তাঁদের বাড়ি তল্লাশি করে কিছুই পাননি। পরে র্যাব বাড়ির পেছনে আবর্জনার স্তূপের ভেতর থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে লিটনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
গ্রেপ্তারের কারণ সম্পর্কে মিজানের অভিযোগ, ছাতিয়ান গ্রামের মরা নদীতে মাছ চাষ নিয়ে লিটনের সঙ্গে র্যাবের সোর্স ফিরোজের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এরই জের ধরে ফিরোজ র্যাবকে ব্যবহার করে এ ঘটনা ঘটিয়েছে।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, লিটনকে র্যাব ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করেছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে মুক্তি না দিলে গাংনীতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ও হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
যশোর কোতোয়ালি পুলিশ জানায়, ফেনসিডিলের চালান যাচ্ছে—এমন খবরের ভিত্তিতে খাজুরা এলাকায় একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িটি থামালে পরিচয় দেওয়ার পর পুলিশ ছাত্রলীগ নেতা বাবুকে গ্রেপ্তার করে। তবে গাড়িতে কোনো ফেনসিডিল পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, দাঁতাল বাবুর বিরুদ্ধে তিনটি খুন, চারটি মারামারি ও অস্ত্র আইনে ফৌজদারি অপরাধের একটি মামলা রয়েছে। একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আমলি আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ষড়যন্ত্রমূলকভাবে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।