গাংনীতে রাস্তা সংস্কার বন্ধ করে দিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে স্থানীয় লোকজন রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন। ছবিটি গতকাল গাংনী উপজেলার ভোমরদহ গ্রাম থেকে তোলা l প্রথম আলো
নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে স্থানীয় লোকজন রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন। ছবিটি গতকাল গাংনী উপজেলার ভোমরদহ গ্রাম থেকে তোলা l প্রথম আলো

মেহেরপুরের গাংনী উপজেলার একটি আঞ্চলিক সড়কে সংস্কারে নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে গতকাল রোববার ওই কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের (এলজিইডি) গাংনী উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, তাদের নিজস্ব অর্থায়নে ভোমরদহ-জোড়পুকুরিয়া ও জোড়পুকুরিয়া-সওড়াবাড়িয়া সড়কের সাত কিলোমিটার অংশে সংস্কারকাজ চলছে। এ কাজ পায় কুষ্টিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এহসানুল হক ট্রেডার্স। তবে পরে কাজ কিনে নেন গাংনীর বালিয়াঘাট গ্রামের ঠিকাদার পিন্টু মিয়া। কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ২৪ লাখ টাকা। চুক্তি অনুযায়ী রাস্তা ৩ মিটার চওড়া ও ১২ মিলিমিটার পুরু করে কার্পেটিং করার কথা।

স্থানীয় সাহারবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও জোড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা সাহাবুদ্দীন বলেন, শুরু থেকেই এ রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের ইট ব্যবহার করছেন ঠিকাদার। পাশাপাশি কার্পেটিংও যথাযথভাবে করা হচ্ছে না। ফলে ভ্যানের চাকার সামান্য চাপেই কার্পেটিং উঠে যাচ্ছে। ১২ মিলিমিটার পুরু করে কার্পেটিং করার কথা থাকলেও করা হচ্ছে ৭ মিলিমিটার। বিষয়টি উপজেলা এলজিইডি কার্যালয়ের পাশাপাশি মেহেরপুরের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়। কিন্তু তারা কোনো ব্যবস্থা না নিয়েই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের অনুমতি দেয়।

 ঠিকাদার পিন্টু মিয়া দাবি করেন, তিনি চুক্তি মেনেই কাজ করছেন। কিন্তু তাঁকে সমাজে হেয় করতে স্থানীয় কিছু মানুষ এমন অভিযোগ তুলছে।

এলাকাবাসী বলছেন, সঠিকভাবে কাজ করানোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হন। গতকাল রোববার ১২টার দিকে জোড়পুকুরিয়া ইউনিয়নের ভোমরদহ এলাকায় কাজের তদারক করছিলেন উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম। এ সময় এলাকার ৫০-৬০ জন গিয়ে তাঁর কাছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়ে জানতে চান। কিন্তু প্রকৌশলী কোনো অভিযোগ শুনতে চাননি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন কাজ বন্ধ করে দেন।

উপসহকারী প্রকৌশলী তৌহিদুল ইসলাম বলেন, তিনি একাধিক জায়গায় কাজ দেখাশোনা করছেন। ফলে কাজে ত্রুটি
হতে পারে।

মেহেরপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দ্দার বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে এখনই তিনি উপজেলা এলজিইডিকে দরপত্র অনুযায়ী কাজ বুঝে নিতে নির্দেশ দেবেন। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।