গাংনীতে শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা
মেহেরপুরের গাংনীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত সোমবার রাতে গাংনী থানায় এ মামলা করা হয়। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিশুটিকে মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে শিশুটির জবানবন্দি নিতে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে।
অভিযুক্ত কিশোর (১৭) ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
মামলার এজাহার ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ওই কিশোর শিশুটিকে বাড়িতে ডেকে ধর্ষণ করে। সোমবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যার দিকে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম কে রেজা জানান, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। পূর্ণাঙ্গ ডাক্তারি পরীক্ষা করালে বিষয়টি আরও পরিষ্কার হবে।
গাংনী থানার ওসি আকরাম হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে আসামি করে মামলা হয়েছে। জবানবন্দি নিতে শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।