গাংনীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
মেহেরপুরের গাংনী উপজেলায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমিরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নিজ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ দুপুরে স্থানীয় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী বাড়ি ফিরছিল। পথে তাকে একা পেয়ে আমিরুল ফুসলিয়ে স্কুলের সামনের রাস্তায় মেহগনি বাগানে নিয়ে যায়। একপর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় আমিরুল স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। পরে শিশুটির বাবা গাংনী থানায় মামলা করেন। ওই মামলায় আমিরুলকে গ্রেপ্তার করে পুলিশ।
গাংনী থানা উপপরিদর্শক (এসআই) শংকর কুমার ঘোষ জানান, আমিরুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটি পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। মঙ্গলবার আমিরুলকে মেহেরপুর আদালতে হাজির করা হবে।