গাংনীতে শিশুর লাশ, অপহরণ করে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শিশুটির নাম ছাব্বির আহমেদ ওরফে অন্তর (৭)। সে বাওট গ্রামের কাফিরুল ইসলামের ছেলে।
পরিবারের অভিযোগ, বাওট গ্রামের সবুজ নামের এক ব্যক্তি অপহরণের পর অন্তরকে হত্যা করেছে। গতকাল থেকে সবুজ পলাতক।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গের সামনে শিশুটির চাচা জিয়া ইসলাম প্রথম আলোর সঙ্গে কথা বলেন। তাঁর ভাষ্য, ছাব্বির বৃহস্পতিবার বিকেলে বাওট বিদ্যালয়ের মাঠে সঙ্গীদের সঙ্গে খেলছিল। সন্ধ্যায় বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। ছাব্বিরকে খুঁজে না পাওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে খেলার সঙ্গীরা ছাব্বিরের পরিবারকে জানায়, সবুজ নামের এক ব্যক্তি তাকে নিয়ে গেছে। আশপাশে অনেক খোঁজার পর রাত নয়টার দিকে গাংনীর বাওট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের কমন রুম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। সেখানে কাপড় দিয়ে মুখ ও গলা বাঁধা অবস্থায় ছাব্বির পড়ে ছিল। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) তুহিন আহমেদ জানান, শিশুটির গলার ডান পাশে কালো একটি দাগ দেখা গেছে। শ্বাসরোধে বা বৈদ্যুতিক শকে তার মৃত্যু ঘটানো হতে পারে। ময়নাতদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, প্রাথমিকভাবে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। অভিযুক্ত সবুজকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।