গাংনীতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় একজন গ্রেপ্তার
মেহেরপুরের গাংনী উপজেলায় গত বুধবার রাতে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ওই দিন রাতেই একটি মামলা করেছেন। বাবুল হোসেন (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটার দিকে সপ্তম শ্রেণির ওই ছাত্রী নলকূপের পানি আনতে বাড়ির বাইরে বের হয়। এ সময় ওত পেতে থাকা পাঁচ-ছয়জন মুখোশধারী বখাটে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, গ্রামের শুভ নামের এক যুবক কয়েক মাস ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। বুধবার রাতে বাড়ির পাশে একটি নলকূপে পানি আনতে যায় ওই ছাত্রী। পরে গ্রামবাসীর মুখ থেকে মেয়েকে অপহরণের খবর পান তিনি। তিন ঘণ্টা পর মেয়েকে পাশের গ্রামের একটি ইটভাটা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় মেয়ে তাঁকে বলে, শুভসহ চার-পাঁচজন যুবককে সে চিনতে পেরেছে।
থানার এসআই মুনির জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।
ওই জেনারেল হাসপাতালের আরএমও অলক কুমার বলেন, ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।