গাংনীতে সড়কে গাছ ফেলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়কে গাছ ফেলে ট্রাক আটকে গরু ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা লুট করেছে ডাকাতেরা। গত মঙ্গলবার রাত ১০টার দিকে আকুবপুর গ্রামের মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চটকাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গাংনীর কামারখালী ও ছাতিয়ান গ্রামের অন্তত ২০ জন গরু ব্যবসায়ী দুটি ট্রাক নিয়ে রংপুরের বড়বাড়িয়া হাটে গরু কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথে আকুবপুর গ্রামের মাঠের চটকাতলা এলাকায় ডাকাতেরা সড়কে গাছ ফেলে ট্রাক আটকে দেয়। সাত-আটজন ডাকাত অস্ত্রের মুখে কয়েকজন গরু ব্যবসায়ীকে মারধর করে কয়েক লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় অন্য গরু ব্যবসায়ীদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।
গরু ব্যবসায়ী মান্নান হোসেন বলেন, ‘আমার কাছে থাকা তিন লাখ টাকা ডাকাতেরা নিয়ে নেয়। এ ছাড়া ট্রাকে থাকা আরও কয়েকজনের কাছ থেকে দুই-তিন লাখ করে টাকা ছিল। তাঁদের কাছ থেকেও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।’
মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, ঘটনা শোনার পরপরই গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। সেখানে সড়কে গাছ পড়ে থাকতে দেখা যায়।
তবে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ডাকাতেরা টাকা লুট করতে পারেনি। তারা টাকা ফেলে চলে গেছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত থানায় মামলা হয়নি।