দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ তুলে মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ৭২ ঘণ্টার মধ্যে সাময়িক বরখাস্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
গতকাল সোমবার গাংনী বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এ ঘোষণা দেন। দাবি না মানা হলে প্রয়োজনে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার হুমকি দেন তিনি।
গত রোববার থেকে ইউএনওর বিরুদ্ধে কয়েক দফা বিক্ষোভ ও সমাবেশ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এর অংশ হিসেবে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় শহীদ রেজাউল চত্বরে নেতা-কর্মীরা জড়ো হন। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সেটি উপজেলা পরিষদের সামনের প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শুরু হলে উপজেলা পরিষদের প্রধান ফটক বন্ধ করে সেখানে পুলিশের কয়েকজন সদস্য অস্ত্র নিয়ে নিরাপত্তাবলয় তৈরি করেন।
পরে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ হয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দেন দলটির জেলা সাধারণ সম্পাদক এম এ খালেক। তিনি বলেন, ইউএনও বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষক। দুর্নীতি করে সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছেন।
পরে এম এ খালেক প্রথম আলোকে বলেন, ‘৭২ ঘণ্টার মধ্যে ইউএনওকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করার দাবি জানিয়েছি। সাসপেন্ড করে তাঁর দুর্নীতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। না হলে বৃহস্পতিবার বিকেলে শহরে আবারও বিক্ষোভ মিছিল করা হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সকাল থেকে বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ইউএনও আরিফ উজ জামান বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। তাঁরা আমার সঙ্গে অসৌজন্যমূলক ব্যবহার করেছেন। নিজেদের অপকর্ম ঢাকতে এসব করছেন। বিষয়গুলো বিভাগীয় কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অবগত আছেন। আমাকে কাজ করতে বলা হয়েছে।’
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী নিয়োগ নিয়ে রোববার দুপুরে ইউএনও তাঁর কার্যালয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করছিলেন। এ সময় সেখানে আওয়ামী লীগের নেতারা গিয়ে নিয়োগ পেছানোর দাবি করেন। এর একপর্যায়ে ইউএনওকে গালাগাল করেন আওয়ামী লীগের নেতারা। পরে তাঁর অপসারণ দাবি করে রোববার দুই দফা বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।