গাইড না কেনায় শিক্ষার্থীকে মারধর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সহায়ক বই (গাইড) না কেনায় এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই শিক্ষার্থীর অভিভাবক জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, কিছুদিন ধরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন একটি নির্দিষ্ট প্রকাশনীর গাইড কেনার জন্য পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে আসছিলেন। ১৯ এপ্রিল তিনি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের কাছে জানতে চান, কে কে বইটি কিনেছে? এ সময় মো. হাসানাত শাহরিয়ার বইটি না কেনার কথা জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক বেত দিয়ে শাহরিয়ারকে বেধড়ক পেটান।
সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, তিনি কাউকে গাইড বই কিনতে বা এ কারণে মারধর করেননি।
ওই শিক্ষার্থীর অভিভাবক মো. আকরাম হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে আমার ছেলেকে মারধর করা হয়। কিন্তু ছেলে ভয়ে আমাদের বিষয়টি জানায়নি। মঙ্গলবার তার মা গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে বেতের আঘাতে চিহ্ন দেখতে পান। তখন ছেলে বিষয়টি খুলে বলে। গাইড বই সরকারিভাবে কেনা নিষিদ্ধ। তারপরও একটি প্রকাশনীর টাকা খেয়ে ওই শিক্ষক শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি করেন। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের গিয়েও প্রতিকার পাওয়া যায়নি। পরে বাধ্য হয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ করেছি।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।