গাইনি চিকিৎসক এক বছর কর্মস্থলে অনুপস্থিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র পরামর্শক (গাইনি) পদে ২০১৩ সালের ১৭ জুন যোগদান করেছিলেন চিকিৎসক শামীমা হোসেন খান। যোগদানের পর থেকে তিনি এক দিনও কর্মস্থলে দায়িত্ব পালন করেননি। শুধু মাসে মাসে এসে বেতন তুলে নিয়ে যেতেন।
বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে চলতি মাসে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় শামীমা হোসেন খানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে সমন্বয় সভার কার্যবিবরণী উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠালে হিসাবরক্ষণ কার্যালয় তাঁর বেতন বন্ধ করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যানের ২১ সেপ্টেম্বর সই করা সভার কার্যবিবরণী পড়ে জানা যায়, ২৮ আগস্ট উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভার ৬ নম্বর সিদ্ধান্তে উল্লেখ করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি পরামর্শক শামীমা হোসেন খান ২০১৩ সালের ১৭ জুন যোগদানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর অনুপস্থিতির কারণে উপজেলায় প্রসবজনিত সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, সভায় উপস্থিত স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি শামীমা হোসেন খানের অনুপস্থিতির কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ফলে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।
উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মো. আলমগীর আলম নিজামী বলেন, উপজেলা পরিষদের একটি কার্যবিবরণী দিয়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর কার্যালয়ে ডেকে শামীমা হোসেন খানের বেতন-ভাতা বন্ধ রাখার জন্য বলেছেন। তাই বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা সোলায়মান রাজন বলেন, ‘শামীমা হোসেন খান আমার অনেক জ্যেষ্ঠ। তাঁর বিষয়ে আমার কিছু জানা নেই। আমি এখানে যোগদান করেছি মাত্র কিছুদিন হয়।’
এ ব্যাপারে কথা বলার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে শামীমা হোসেন খান উপস্থিত না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা তাঁর মুঠোফোন নম্বরও দিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল বলেন, মাসিক সমন্বয় সভায় গাইনি পরামর্শক শামীমা হোসেন খানের বিষয়ে আলোচনা করা হয়। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতির বিষয়ে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার সিদ্ধান্ত হয়। পরে সভার কার্যবিবরণীর একটি কপি হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়।