গাইবান্ধা ও নাটোরে মদ পানে তিন যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে চোলাই মদ পানে দুই যুবকের মৃত্যু হয়েছে। একই দিন নাটোরের বাগাতিপাড়ায় মদ পানে এক যুবক মারা যান।
এলাকাবাসী ও গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামে শনিবার রাতে ওই গ্রামের দুলু মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৩০), হীরকপাড়া গ্রামের মাসুদ মিয়া (৩৬) ও টাঈাইলের আবদুল মতিন মিয়ার ছেলে রিপন মিয়া (৩০) মদ পান করেন। মদ পানের কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় কয়েকজন প্রথমে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে গুরুতর অসুস্থ জহুরুল ও রিপনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার ভোরে জহুরুল ও রিপন মারা যান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান, ওই তিন যুবক অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে পড়লে ওই দিন রাতেই তাঁদের হাসপাতালে আনা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনার পর গতকাল সকালে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ৩০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে বাগাতিপাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চকহরিরামপুর গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে কালু (৩৫) ও নুরপুর মালঞ্চি গ্রামের ফারুক হোসেন (৪০) শনিবার রাতে তমালতলায় অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে স্থানীয় কালাম হাসপাতালে নিয়ে যান। ফারুক তমালতলা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক।
কালাম হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান জানান, দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তোফাজ্জল মারা যান। ফারুককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, প্রতি রাতেই তমালতলা বাজারসংলগ্ল আমবাগানে চোলাই মদ পানের আসর বসে। শনিবার রাতে ওই দুই ব্যক্তি আমবাগানে বসে মদ পান করছিলেন। অতিরিক্ত পান করায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে বাজারের লোকজন ও পরিবারের সদস্যরা তাঁদের হাসপাতালে নিয়ে যান।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।