গাইবান্ধায় আনন্দমেলার নামে অশ্লীল নাচ ও জুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দমেলার নামে গাইবান্ধার তিনটি উপজেলার বিভিন্ন স্থানে গত কয়েক দিন অশ্লীল নৃত্য, হাউজি ও জুয়া খেলার আসর চলছে। পুলিশকে বখরা দিয়ে পেশাদার জুয়াড়িরা এসব চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, গাইবান্ধার সদর উপজেলা, সাদুল্যাপুর উপজেলা ও পলাশবাড়ী উপজেলায় আনন্দমেলার নামে হাউজি ও নানা ধরনের জুয়া খেলা চলছে। কোনো মেলায় পণ্যের দোকান নেই। দোকানের বদলে এলোমেলোভাবে বসানো হয়েছে জুয়ার আসর। এসবের সঙ্গে তাল মিলিয়ে মাদক ব্যবসাও জমে উঠেছে। প্রতিদিন রাত আটটা থেকে ভোররাত পর্যন্ত এসব চলে।
গত ১৮ ডিসেম্বর থেকে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট কানসারডারা এলাকায় একতা স্পোর্টিং ক্লাবের সাহায্যার্থে একটি মঞ্চে যাত্রার নামে অশ্লীল নৃত্য, একটি মঞ্চে হাউজি ও ১৩টি মঞ্চে জুয়া খেলা আয়োজন করা হয়েছে। এই মেলা চলবে দেড় মাস। স্থানীয় প্রভাবশালী রাজা মিয়া ও ইয়াসিন আলী যথাক্রমে মেলা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়ে এসব চালাচ্ছেন। অথচ কানসারডারা গ্রামে ওই ক্লাবের কোনো অস্তিত্ব নেই।
ধাপেরহাট গ্রামের রহমান মিয়া বলেন, এখানকার মাইকের শব্দে আশপাশের শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ওই জুয়ার একজন আয়োজক জানান, খেলা চালানোর জন্য সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দৈনিক ২০ হাজার এবং ধাপেরহাট তদন্তকেন্দ্রের উপপরিদর্শককে (এসআই) ১০ হাজার টাকা বখরা দিতে হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘ওপরের নির্দেশে এসব চলছে। আমার করার কিছু নেই।’
একই মন্তব্য করেন এসআই জালাল উদ্দিনও। আয়োজক রাজা মিয়া ও ইয়াসিন আলী জানান, এলাকার মানুষের বিনোদনের জন্য এসব চালানো হচ্ছে।
সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের পূর্ব চিথুলিয়া গ্রামে তিন দিন ধরে চলছে ডাব্বু, ফর খেলা ও অশ্লীল নৃত্য। এটি চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালী আবু সাঈদ। এ জন্য বিনা ভাড়ায় ব্রহ্মপুত্র নদ পারাপারের ব্যবস্থা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন আয়োজক বলেন, এসব চালানোর জন্য সদর থানা পুলিশকে দৈনিক ১০ হাজার টাকা বখরা দিতে হয়।
মোল্লারচর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান সরকার বলেন, ‘জুয়া বন্ধের জন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় আবেদন জানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’ অভিযোগ অস্বীকার করে সদর থানার ওসি রাজিউর রহমান বলেন, ‘পূর্ব চিথুলিয়া এলাকায় জুয়া চালানোর বিষয়টি আমার জানা নেই।’
পলাশবাড়ী উপজেলার সাতারপাড়া এলাকায় সাত দিন ধরে আনন্দমেলায় যাত্রার নামে অশ্লীল নৃত্য, হাউজি ও জুয়া খেলা চালাচ্ছেন স্থানীয় প্রভাবশালী নুরুল আমিন। বিনোদনের জন্য এসব চালানো হচ্ছে বলে দাবি করেন আয়োজক নুরুল আমিন।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, ওই মেলার কোনো অনুমতি নেই। বিভিন্ন দলের নেতারা জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এসব চালাচ্ছেন।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক আবু বকর সিদ্দিক জানান, জেলার কোথাও আনন্দমেলা ও জুয়া চালানোর অনুমতি দেওয়া হয়নি। গত এক সপ্তাহে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার সাতটি জুয়ার মঞ্চ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অন্যগুলো ভেঙে দেওয়া হবে।