গাইবান্ধায় ঘুষ নিয়ে বিদ্যুৎ লাইন নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতায় দশ শহর উন্নয়ন প্রকল্প রংপুর অঞ্চলের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নিয়ে গাইবান্ধার বিভিন্ন গ্রামে বিদ্যুৎলাইন নির্মাণ এবং সম্প্রসারণের অভিযোগ পাওয়া গেছে।
পিডিবি গাইবান্ধা বিতরণ বিভাগ সূত্র জানায়, ২০০৬ সালে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে দশ শহর উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়। এই কর্মসূচির আওতায় ১২২ দশমিক ৪৭ কিলোমিটার লাইন নির্মাণ এবং ৫৮টি ট্রান্সফরমার স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। তবে নিয়মানুযায়ী এই প্রকল্পের লাইন নির্মাণ এবং সম্প্রসারণে পৌর এলাকাকে প্রাধান্য দেওয়ার কথা। কিন্তু ঘুষ নিয়ে গাইবান্ধার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ লাইন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে।
গাইবান্ধা নাগরিক আন্দোলনের আহ্বায়ক মির্জা হাসান বলেন, পৌর এলাকার অনেক স্থানে খোলা তার ও বাঁশের খুঁটির লাইন রয়েছে। এ ছাড়া বর্ধিত পৌর এলাকায় বিদ্যুৎই যায়নি। সেগুলো সংস্কার না করেই গ্রামাঞ্চলে কাজ করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের খেজুরেরতল থেকে পূর্বদিকে ইটভাটা পর্যন্ত ছয়-সাতটি এবং খোলাহাটি ইউনিয়নের কাজীবাড়ি রেলসেতু থেকে পশ্চিম কোমরন্নই (বাহিরবন্দ) পর্যন্ত ট্রান্সফরমারসহ ২৫-৩০টি খুঁটি স্থাপন ও তার টেনে লাইন বর্ধিত করা হয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নজিবর রহমান বলেন, ‘আমার বাড়ির অদূরে খেজুরেরতল গ্রামে। গাইবান্ধায় কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মতিয়ার রহমান একই প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগসাজসে বিদ্যুৎলাইন নির্মাণ এবং সম্প্রসারণের জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়েছেন। এভাবে গাইবান্ধার প্রতিটি এলাকার কাজে ঘুষ নেওয়া হয়েছে।’
স্থানীয়রা জানান, সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেমবাজার থেকে কুমারপাড়া পর্যন্ত দশ-বারটি খুঁটি এবং ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রব্বানীর চালকল থেকে মন্ডলপাড়া পর্যন্ত আট থেকে দশটি খুঁটি স্থাপন ও তার টেনে লাইন বর্ধিত করা হয়েছে।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ইউনিয়নের বাসিন্দা সেলিম পারভেজ বলেন, রব্বানীর চালকল থেকে মন্ডলপাড়া পর্যন্ত লাইন নির্মাণে দেড় লাখ টাকা ঘুষ দিতে হয়েছে।
প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মতিয়ার রহমান ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, পৌর এলাকার বাইরে যেসব কাজ করা হয়েছে, তার প্রকল্প আগেই তৈরি করা হয়েছে। এই প্রকল্প অনুমোদনের পর লাইন নির্মাণ কাজ করা হয়েছে। রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী লুৎফর হায়দার চৌধুরী যোগসাজস করে লাইন নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন।
দশ শহর উন্নয়ন প্রকল্পের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, এ ব্যাপারে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।