গাইবান্ধায় ট্রাকে পেট্রলবোমা, দগ্ধ ২
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ রোববার রাতে একটি ট্রাকে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ট্রাকের চালক মহব্বত মিয়া (৪৫) ও তাঁর সহকারী জেলাল মিয়া (৩০) দগ্ধ হয়েছেন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক বগুড়া থেকে রংপুর যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ট্রাকটি বোয়ালিয়া এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশ থেকে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী দগ্ধ হন। চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশের একটি গাছের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এ সময় চালক ও তাঁর সহকারী লাফিয়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। দগ্ধ চালক ও সহকারীকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।