গাইবান্ধায় বাসে পেট্রলবোমায় চারজন নিহত

গাইবান্ধায় গতকাল শুক্রবার রাতে পুলিশি পাহারায় যাত্রা করা একটি বাস পেট্রলবোমা হামলার শিকার হয়েছে। জেলা শহরের কাছে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও চিকিৎসক সূত্রে জানা যায়, জেলার সুন্দরগঞ্জ উপজেলার সীচা থেকে গতকাল রাত নয়টার দিকে নীপু পরিবহনের একটি বাস ৫০-৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। রাত ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রলবোমা ছোড়ে। এতে বাসটিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই চারজন যাত্রী মারা যান। দগ্ধ হন আরও অন্তত ৩০ জন। তাঁদের গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। এঁদের মধ্যে গুরুতর অবস্থায় সাতজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধ এক যাত্রী জানান, গতকাল রাতে পুলিশি পাহারায় সুন্দরগঞ্জ থেকে ২০-২৫টি বাস গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। সামনে ছিল পুলিশের গাড়ি। তিনি ছিলেন পাঁচ নম্বর গাড়িটিতে। গাইবান্ধা শহরের কাছের সড়কে এই বাসটি দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলার শিকার হয়।
এর আগে গতকাল সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সবরিতলা এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে সিমেন্টবোঝাই দুটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এতে ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ আহত হননি।
এ ছাড়া ফেনীর রামপুর এলাকায় গতকাল সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানে পেট্রলবোমা ছোড়ে অবরোধকারীরা। এতে চালকের সহকারী বাচ্চু হাওলাদার (২৮) দগ্ধ হন।