গাইবান্ধায় বৃদ্ধ খুন, এনজিও কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষ লাঠি দিয়ে আঘাত করে এক বৃদ্ধকে হত্যা করেছে। ফুলছড়ি উপজেলার কোচখালি এলাকা থেকে গত বুধবার একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পলাশবাড়ীতে নিহত হওয়া ব্যক্তির নাম আজিজার রহমান (৬০)। তিনি উপজেলার ডাকিরপাড়া গ্রামের বাসিন্দা। আর ফুলছড়িতে উদ্ধার হওয়া লাশটি সদর উপজেলার মোল্লারচর গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফার (৩৯)। তিনি ফ্রেন্ডশিপ নামের এনজিওর গাইবান্ধা জেলা কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন।
পলাশবাড়ী থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আজিজার রহমানের সঙ্গে তিন শতক জমি নিয়ে ডাকিরপাড়া গ্রামের আনোয়ারুল ইসলামের বিরোধ চলছে। গতকাল সকাল ১০টার দিকে আনোয়ারুল ওই জমির দখল নিতে যান। এতে আজিজার বাধা দিলে আনোয়ারুল ও তাঁর লোকজন তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকেন। এ সময় আজিজারের স্ত্রী বুলবুলি বেগম ও তাঁর পরিবারের লোকজন এগিয়ে গেলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে লাঠির আঘাতে আজিজার ঘটনাস্থলেই মারা যান এবং বুলবুলি বেগমসহ তিনজন আহত হন। এ ঘটনায় গ থানায় মামলা হয়নি। পলাশবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা গত ২৬ ফেব্রুয়ারি জেলা শহরের পূর্বপাড়ায় অবস্থিত ফ্রেন্ডশিপের কার্যালয় থেকে বেতন নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল দুপুরে স্থানীয় লোকজন ফুলছড়ির কোচখালি এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে তাঁর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর পাঠান। বিকেল চারটার দিকে পুলিশ সেখানে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ফুলছড়ি থানার ওসি মশিউর রহমান জানান, লাশের মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।