গাইবান্ধার অপহৃত চিকিৎসক জয়পুরহাটে উদ্ধার, গ্রেপ্তার ৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পবনপুর এলাকা থেকে অপহৃত চিকিৎসক রিফাত জাহানকে (৩৫) গতকাল শনিবার জয়পুরহাটের কালাই থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চিকিৎসক রিফাতের পরিবার ও গোবিন্দগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রিফাত গোবিন্দগঞ্জের অনন্তপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি ঢাকার উত্তরা মুনছুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা পদে কর্মরত। গত বৃহস্পতিবার তিনি গোবিন্দগঞ্জে আসেন। গত শুক্রবার বিকেলে তিনি বোন রোমেনা খাতুনকে নিয়ে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা করে গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিলেন। তিনি পবনপুর এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর অটোরিকশার গতিরোধ করেন। তাঁরা রিফাতকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এরপর তাঁরা রিফাতের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে বিকেলে রোমানা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে গোবিন্দগঞ্জের চকরহিমাপুর গ্রামের আবদুস সালাম (২১), বহিরি হিশিমপুর গ্রামের গোলাম মোস্তফা (২৫) ও গোলাম মওলাকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ জয়পুরহাটের কালাই থানা-পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে দুই থানার পুলিশ কালাইয়ের গারইল গ্রামের কায়সার মিয়ার বাড়ি থেকে গতকাল বেলা তিনটায় রিফাত জাহানকে উদ্ধার করে। এ সময় রিফাতের চাচাতো ভাই মাহবুব আলমসহ (৩০) আরও ছয় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাড়ি থেকে দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।