গাইবান্ধার আদালতে পুলিশের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় রাতে এক ‘উদ্ধার অভিযান’ চালাতে গিয়ে তিন নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের চার সদস্যের বিরুদ্ধে। এই অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলার এক গৃহবধূ গত মঙ্গলবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।
বাদী গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গত ২৭ মার্চ (শুক্রবার) রাতে সংঘটিত ওই ঘটনার পরদিন গত ২৮ মার্চ গোবিন্দগঞ্জ থানায় তিনি মামলা করতে যান। কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে তিনি আদালতে মামলা করেন। মামলা করার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
মামলার আসামিরা হলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান, কনস্টেবল আবদুল মান্নান, কনস্টেবল মো. তুহিন ও পুলিশ ভ্যানের চালক (অজ্ঞাতনামা)।
মামলার বিবরণ অনুযায়ী, ২৭ মার্চ রাত আটটার দিকে ওই থানার এসআই ফজলুর রহমানের নেতৃত্বে পুলিশের চার সদস্যের একটি দল বাদীর বাড়িতে যায়। তারা ওসির হুকুমে এসেছে জানিয়ে বাড়ির দরজা খুলতে বলে। কিন্তু দরজা খুলতে অপরাগতার কথা জানালে এসআই ফজলুর রহমানের হুকুমে পুলিশ সদস্যরা তালা ভেঙে বাড়িতে ঢোকেন। এ সময় বাদীর ভাশুরের প্রথম স্ত্রী বাধা দিলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করা হয়। সে সময় বাধা দেওয়ায় ওই পুলিশ সদস্যরা বাদী ও তাঁর দেবরের স্ত্রীকে টেনেহিঁচড়ে একটি কক্ষে নিয়ে যান। সেখানে কনস্টেবল তুহিন বাদীকে ধর্ষণের চেষ্টা চালান।
অভিযোগ অনুযায়ী, ওই সময় আক্রান্ত নারীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফজলুর রহমান তাঁদের হুমকি দেন এবং সঙ্গে থাকা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ওই তিন নারীকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বাদীপক্ষের আইনজীবী চৌধুরী নার্গিস আক্তার বলেন, গত মঙ্গলবার (৩১ মার্চ) ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার গোস্বামী শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম তাসকিনুল হককে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা বলা হয়েছে।
ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘থানায় এ ধরনের মামলা করতে বাদী আসেননি। কিন্তু ওই দিন (২৭ মার্চ রাতে) তাঁর শ্বশুর নিজেদের মধ্যে মারামারির ঘটনায় থানায় একটা মামলা করেন। এই মামলায় পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি। আদালতে করা মামলায় পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।’
ওসি আরও বলেন, ‘বাদীর ভাশুরের দ্বিতীয় স্ত্রীকে মারধর ও নির্যাতনের অভিযোগে একটি মামলার আসামি ওই অভিযোগকারী নারী, তাঁর স্বামী, দেবরের স্ত্রীসহ অনেকে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুর। আসামিরা জামিনে আছেন। ঘটনার দিন আসামিরা অভিযোগকারী নারীর (পুলিশের বিরুদ্ধে করা মামলার বাদী) ভাশুরের দ্বিতীয় স্ত্রীকে মারধর করে ঘরে আটকে রেখেছেন—পুলিশকে এ খবর দেন তিনি (দ্বিতীয় স্ত্রী)। তখন পুলিশ তাঁকে উদ্ধার করতে যায়। আসামিরা ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতেই পুলিশের বিরুদ্ধে হয়রানিমূলক এ মামলা করেছেন।’
বাদী প্রথম আলোকে বলেন, ‘আমরা কাউকে মারধর করে আটকে রাখিনি। পুলিশ কী জন্য এসেছিল তা-ও আমরা জানি না। পুলিশ মিথ্যা দাবি করছে।’ বাদীর স্বামী বলেন, ‘ওই রাতে আমি বাড়িতে ছিলাম না। পুলিশ এসে আমাকে খোঁজ করে। না পেয়ে ওই কাণ্ড ঘটায়।’
ঘটনার ব্যাপারে জানতে বাদীর ভাশুরের দুই স্ত্রীর সঙ্গে কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছা করিম বলেন, ‘২৭ মার্চ রাতে তিন নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁদের একজনের হাতে কামড়ের দাগ ছিল। অন্য দুজনকে ব্যথার জন্য চিকিৎসা দেওয়া হয়।’