গাইবান্ধার জঙ্গিবিরোধী অভিযান চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তবে কয়েক দিন ধরে চলা অভিযানে এখনো কোনো জঙ্গিকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর চরাঞ্চলে প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালানো হয়। কিন্তু অভিযানে কোনো জঙ্গি গ্রেপ্তার কিংবা কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগের দিন সদর উপজেলায় চরাঞ্চলে আট ঘণ্টার অভিযানে মিলেছিল এক নৌ-ডাকাত।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ভোর পাঁচটায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৭০ সদস্য। যমুনা নদীবেষ্টিত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী, ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নের চরাঞ্চলে চালানো এই অভিযান শেষ হয় সকাল ১০টায়। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চরাঞ্চলের গ্রামগুলোতে গিয়ে পুরুষ মানুষকে দেখতে পাওয়া যায়নি।
গাইবান্ধার নদীবেষ্টিত উপজেলাগুলোতে এ অভিযান নিয়মিত চলবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কুষ্টিয়ায় তিন নারীর রিমান্ড শেষ
ভেড়ামারায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার তিন নারীর রিমান্ড শেষ হয়েছে গতকাল। আজ শুক্রবার তাঁদের আবার আদালতে হাজির করা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) আন নূর যায়েদ প্রথম আলোকে বলেন, শুক্রবার সকালে তিন নারী টলি আরা, তিথী ও সুমাইয়াকে আদালতে নেওয়া হবে। তাঁরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন।
এদিকে গত বুধবার রাতে অভিযান চালিয়ে আরিফা খাতুন (৪০) নামের আরেক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। আরিফা খাতুন গ্রেপ্তার টলি আরার সতিন।
আন নূর যায়েদ বলেন, মামলার তদন্তের স্বার্থে আরিফা খাতুনকে থানায় আনা হয়েছে। তাঁর স্বামী আরমানকে ধরতেই অভিযান চালানো হয়েছিল। আরমানের ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরমানের দ্বিতীয় স্ত্রী টলি আরা।
গত শুক্রবার রাতে জঙ্গি আস্তানা সন্দেহে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ার তালতলা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিন নারীকে গ্রেপ্তার করা হয়। রোববার ভেড়ামারা থানায় তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়।