গাইবান্ধার ফজলে রাব্বী হত্যার দায় স্বীকার রাজীব গান্ধীর
গুলশানের হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী গাইবান্ধার সাঘাটা উপজেলার ফজলে রাব্বী হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জয়নাল আবেদীনের আদালতে হাজির করা হলে রাজীব গান্ধী হত্যার বর্ণনা দিয়ে দায় স্বীকার করেন। গতকাল বেলা তিনটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ওই আদালতে ১৬৪ ধারার ফজলে রাব্বী হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার কথা নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার বিকেলে মুঠোফোনে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ২০১৫ সালের ১২ জুলাই রাতে সাঘাটা উপজেলার জুমারবাড়ি ওয়াপদা বাঁধে জেএমবি সদস্য ফজলে রাব্বীকে (৩০) মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে চার দুর্বৃত্ত। পরে রাব্বী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত দুইটার দিকে মারা যান। ফজলে রাব্বী সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামের সাদাকাস আলীর ছেলে।
ওসি মোস্তাফিজুর রহমান আরও বলেন, ফজলে রাব্বী হত্যা মামলায় জেএমবি নেতা রাজীব গান্ধীকে ২০ মার্চ সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। তিনি আরও জানান, জেএমবি সদস্য ফজলে রাব্বী নিহত হওয়ার কিছুদিন আগে কারাগারে ছিলেন। এরপর কারাগার থেকে বেরিয়ে এসে তিনি জেএমবি ও অঙ্গসংগঠন থেকে বেরিয়ে গার্মেন্টসে চাকরি নেন। নিহত হওয়ার কয়েক দিন আগে রাব্বী নিজ বাড়ি সাঘাটায় বেড়াতে আসেন। ওসি বলেন, মূলত জেএমবি ও অঙ্গসংগঠন ছেড়ে দেওয়ার কারণেই রাব্বীকে পরিকল্পিতভাবে রাজীব গান্ধী ও তাঁর সহযোগীরা গুলি করে হত্যা করে। সোমবার রাজীব গান্ধী আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে এ হত্যার কথা স্বীকার করেছেন।
অপর দিকে সোমবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের পল্লি চিকিৎসক মাহবুবর রহমান ওরফে ডিপটি হত্যা মামলায় রাজীব গান্ধীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে একই আদালত। মাহবুবর রহমান হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গাইবান্ধা সিআইডি পুলিশ তাঁকে রিমান্ডে নেয়।
পুলিশ জানায়, রাজীব গান্ধীর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে। তাঁদের আদি বাড়ি পাশের সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের রাঘবপুর ভূতমারা (চকদাতেয়া) গ্রামে। মালঞ্চা গ্রামের মৃত ওসমান মুনশির ছেলে জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী।
গত ১৩ জানুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর আলমকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান হামলায় জড়িত যে কয়জনকে জীবিত ধরা হয়েছে, তাঁদের মধ্যে রাজীব গান্ধী অন্যতম।