গাইবান্ধার সাহেবগঞ্জ থেকে একজনের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার ধানখেত থেকে গতকাল সোমবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশের ভাষ্য, স্থানীয় লোকজন গতকাল রাত ১০টার দিকে সাহেবগঞ্জ এলাকার একটি ধানখেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ বলা যাবে। এ ব্যাপারে তদন্ত চলছে।
গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে রোববার পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতাল সম্প্রদায়ের লোকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে নয়জন তিরবিদ্ধ, চারজন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ সাঁওতাল শ্যামল হেমব্রম (৩৫) রোববার রাতে মারা যান। তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কের ভাষ্য, গতকাল রাতে যাঁর লাশ উদ্ধার করা হয়েছে, তিনি সাঁওতাল সম্প্রদায়ের সদস্য বলে তাঁর ধারণা। সংঘর্ষের ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে।
ফিলিমন বাস্কের অভিযোগ, পুলিশের গুলিতে তাঁদের চারজন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুজন মারা গেল। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও চার থেকে পাঁচজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে রোববার রাতে ৪২ জনের নাম উল্লেখ করে প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা করেন। এই ঘটনায় আজ সকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়ালের ভাষ্য, ১৯৬২ সালে আখ চাষের জন্য সাহেবগঞ্জ এলাকায় এক হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে চিনিকল। তখন থেকে ওই জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু দুই বছর আগে ওই জমি পৈতৃক দাবি করে আন্দোলনে নামে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে তারা ঘর নির্মাণ করে। চিনিকলের রোপণ করা আখ বীজ হিসেবে সংগ্রহের জন্য রোববার কাটতে গেলে সাঁওতালেরা বাধা দেয়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, জমি অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই জমি সরকারের কাছে চলে যাবে। কিন্তু এলাকার কিছু লোকের উসকানিতে সাঁওতালেরা অবৈধভাবে চিনিকলের জমি দখল করে।
সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কের ভাষ্য, অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি হয়। এতে বলা হয়, ওই জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে জমি প্রকৃত মালিকদের ফেরত দিতে হবে। কিন্তু কিছুদিন ধরে ওই জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হয়নি।