গাইবান্ধায় আরেক সাঁওতালের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ বৃহস্পতিবার ভোররাতে রোমেশ সরেন (৪০) নামের এক সাঁওতালের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সাপমারা ইউনিয়নের সিনটাজুরি গ্রামে। তাঁর মৃত্যু নিয়ে পরিবার ও পুলিশ ভিন্ন বক্তব্য দিয়েছে।

রোমেশের পরিবার ও আন্দোলনকারীরা বলছেন, ৬ নভেম্বর পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে তিনি আহত হন। বাড়িতে গোপনে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তাঁর মৃত্যু হয়। তবে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকারের দাবি, রোমেশের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে বিকেলে বলেন, গ্রেপ্তারের ভয়ে ছিলেন আহত রোমেশ সরেন। বাড়িতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। বাড়িতেই তাঁর মৃত্যু হয়। আন্দোলনকারী আরও তিন থেকে চারজন সাঁওতাল নিখোঁজ রয়েছেন—দাবি করে তিনি বলেন, ‘সাঁওতালদের ​ওপর হামলা ও হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত সরকার বিকেলে বলেন, ‘রোমেশ সরেন সংঘর্ষে আহত হয়ে মারা যাননি। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।’ তাঁর দাবি, সাঁওতালদের দুজন অসুস্থ হয়ে বাড়িতে ছিলেন। অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে।

৬ নভেম্বর সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর ওই রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাঁওতাল যুবক শ্যামল হেমব্রম (৩৫)। এর পরের রাতে সাহেবগঞ্জ এলাকার ধানখেত থেকে মঙ্গল মাড্ডি (৫০) নামের এক সাঁওতাল ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দান্দুপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

আজ দুপুরে সরেজমিনে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেল, চিনিকল কর্তৃপক্ষ জমির চার দিকে কাঁটাতারের বেড়া দিচ্ছে। সেখানে আছে পুলিশি পাহারা। জানতে চাইলে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল আউয়াল বলেন, ফসলের নিরাপত্তার জন্য দেড় কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হবে। চিনিকলের জমিতে শ্রমিকের কাজ করার জন্য আজ সাঁওতালদের প্রস্তাব দেওয়া হয়েছে। তাঁরা কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ঘটনার পর থেকে সাঁওতালরা যে আতঙ্কে আছেন, সাহেবগঞ্জ-সংলগ্ন সাঁওতাল অধ্যুষিত মাদারপুর গ্রামে গিয়ে এর সত্যতা পাওয়া গেল। আজ বিকেল পাঁচটা পর্যন্ত সাঁওতালদের ঘরে আগুন লাগার ঘটনায় মামলা বা তদন্ত কমিটি গঠন করা হয়নি।

গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকলের জমিতে আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ঘটনার রাতেই ৪২ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রংপুর চিনিকলের ১ হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে জটিলতার সৃষ্টি হয়। চিনিকলের এমডির দাবি, জমি অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয় যে কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে। সাঁওতালরা চিনিকলের জমি দখল করেছিলেন। সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়।

তবে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কের দাবি, চুক্তিতে বলা হয় যে ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দিতে হবে। কিন্তু কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হয়নি। তাই দখলের ঘটনা ঘটেছিল।