গাইবান্ধায় এবার একই কায়দায় ব্যবসায়ী খুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সকালে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর নাম দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮)। তাঁকে মহিমাগঞ্জ বাজারে দোকানের ভেতরে হত্যা করা হয়। পুলিশ এই ঘটনায় নিপেন চন্দ্র (৩৫) নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এ হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’-এর বরাত দিয়ে গত রাতে এক টুইটে এ তথ্য জানান সাইট ইন্টেলিজেন্স গ্রুপের প্রধান রিটা কাৎজ। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ বিশ্বের বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা পর্যবেক্ষণ করে।
গত ৮ ফেব্রুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকায় ব্যবসায়ী তরুণ দত্তকে (৩৮) প্রায় একই কায়দায় হত্যা করে দুর্বৃত্তরা। পুলিশ ওই হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো কূল-কিনারা করতে পারেনি। তবে আইএসের সাময়িকী দাবিক-এর এপ্রিল সংখ্যায় তরুণ দত্তকে হত্যার দায় স্বীকার করে জঙ্গি সংগঠনটি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক স্থানীয় ব্যক্তিদের বরাতে বলেন, গতকাল সকালে মহিমাগঞ্জ বাজারে নিজের জুতার দোকান খোলেন দেবেশ চন্দ্র। এ সময় কয়েকজন লোক এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে চলে যায়। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন, স্থানীয় কয়েকজন মাদকাসক্তের সঙ্গে সম্প্রতি দেবেশ চন্দ্রের কথা-কাটাকাটি হয়েছিল। ওই যুবকেরাই তাঁকে হত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ করেছেন।
মহিমাগঞ্জ বাজারে দোকানের পেছনেই দেবেশ চন্দ্রের বাসা। গতকাল ভোর ছয়টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে জুতার দোকান খোলেন। তাঁর স্ত্রী আনন্দ রানী প্রামাণিক প্রাতর্ভ্রমণ শেষে সাড়ে ছয়টার দিকে বাসায় যাওয়ার সময় দোকানের ভেতর স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় ব্যক্তিরা বলেন, ভোর ছয়টার দিকে তাঁরা দেবেশ চন্দ্রের দোকানের সামনে দুটি মোটরসাইকেল দেখতে পান। এ সময় দোকানের একটি অংশের শাটার নামানো ছিল। কয়েক মিনিটের মধ্যে চারজন অপরিচিত লোক দোকান থেকে বেরিয়ে ওই দুটি মোটরসাইকেলে করে চলে যায়। এর কিছুক্ষণ পর দেবেশ চন্দ্রের স্ত্রীর চিৎকার শোনা যায়।
হত্যার ঘটনায় স্ত্রী আনন্দ রানী বাদী হয়ে নিপেন চন্দ্রসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।
দেবেশ চন্দ্র প্রামাণিকের ছেলে দেবাশিষ প্রামাণিক বলেন, স্থানীয় কয়েকজন মাদকাসক্ত যুবক সম্প্রতি তাঁর বাবার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় দেবেশ চন্দ্রের সঙ্গে ওই যুবকদের কথা-কাটাকাটি হয়। যুবকদের একজন নিপেন চন্দ্র। পরিবারের সদস্যদের সন্দেহ, এই সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হতে পারে। আবার ভিন্ন কোনো কারণও থাকতে পারে।
মহিমাগঞ্জ গ্রামের সাবেক ইউপি সদস্য হৃষিকেশ ঘোষ বলেন, ‘ব্যবসায়ী তরুণ দত্তকেও একই কায়দায় হত্যা করা হয়েছিল। পরে শুনেছি সেই ঘটনার দায় স্বীকার করেছে আইএস। দেবেশ চন্দ্র প্রামাণিক হত্যার পেছনেও ওই ধরনের উগ্রবাদী সংগঠনের সংশ্লিষ্টতা থাকতে পারে। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত হওয়া দরকার।’
জানতে চাইলে তরুণ দত্ত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গাইবান্ধা সিআইডির পরিদর্শক সাইদুল আলম বলেন, তদন্ত চলছে। তবে এখনো কোনো রহস্য উদ্ঘাটন করা যায়নি।