গাইবান্ধায় ওএমএসের ১৮ বস্তা চাল জব্দ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচার করার সময় ১০ টাকা কেজির ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের কোগাড়িয়া এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের ব্যাটারিচালিত অটোভ্যানের চালক জাহিদুল ইসলাম (৪৫), সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের বাসিন্দা ও বৈরাগীহাট এলাকার ওএমএস ডিলার জাহিদুল ইসলাম (৪২) ও উকোগাড়িয়া গ্রামের ভুট্টু মিয়া (৩০)।

গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মিলন চ্যাটার্জী জানান, সাপমারা ইউনিয়নের ওএমএস ডিলার জাহিদুল ইসলাম। বৈরাগীহাট এলাকায় তাঁর চালের গুদাম রয়েছে। ওই গুদাম থেকে আজ দুপুরে ব্যাটারিচালিত অটোতে করে ১৮ বস্তা চাল বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানের সঙ্গে সহযোগী হিসেবে ভুট্টু মিয়া ছিলেন। এ সময় পুলিশ দেখে ভুট্টু দৌড়ে পালিয়ে যান। এতে পুলিশ সদস্যদের সন্দেহ হলে চালসহ অটোভ্যানের চালক জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেনকে জানানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোন করে খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার জাহিদুল ইসলামকে বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রে ডেকে নিয়ে আসেন। এখানে অটোভ্যানের চালক জাহিদুল ওএমএস ডিলার জাহিদুলকে চিহ্নিত করলে তাঁকে আটক করা হয়। পরে তাঁদের সহযোগী ভুট্টু মিয়াকে (৩০) তাঁর বাড়ি থেকে আটক করা হয়।

বৈরাগীহাট পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।