গাইবান্ধায় কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে বাড়ি ফিরেছেন গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের পোশাকশ্রমিক রমজান আলী। তিনি গতকাল রোববার সকালে গাইবান্ধা নেমেই বাস কাউন্টারে ছুটে যান। আসতে না আসতেই ফেরার তাড়া কেন, জানতে চাইলে রমজান বলেন, ‘সময়মতো কর্মস্থলে যোগ না দিলে চাকরি থাকবে না। তাই ঢাকা যাওয়ার ফিরতি টিকিট কাটতে চাই। কিন্তু একটি টিকিটের জন্য পাঁচটি কাউন্টারে ঘুরেও কোনো টিকিট পাইনি। পরে এক দালালের কাছ থেকে একটি পরিবহনের ৫১০ টাকার টিকিট ১ হাজার টাকা দিয়ে নিলাম।’

একই উপজেলার বোয়ালি গ্রামের চাকরিজীবী ফরিদ উদ্দিন বলেন, ‘গতকাল সকালে এসআর কাউন্টারে গিয়ে ঢাকার টিকিট পাইনি। কাউন্টার থেকে ফেরার সময় এক দালাল বললেন, ভাই এসি গাড়ির টিকিট আছে। ১ হাজার ২০০ টাকা লাগবে। উপায় নেই। কর্মস্থলে ফিরতে হবে। বাধ্য হয়ে ওই টাকায় টিকিট নিলাম। অথচ অন্য সময় ঢাকা যাওয়ার এসি টিকিট ৬০০ টাকায় বেচাকেনা হয়।

গতকাল শহরের বিভিন্ন বাসকাউন্টারে দেখা গেছে, ফিরতি টিকিটের জন্য মানুষের উপচেপড়া ভিড়। পরিবহনের লোকজন বলছেন, টিকিট নেই। আগাম বিক্রি হয়েছে। অথচ দালালদের বিভিন্ন কাউন্টারের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। গাইবান্ধা যুব নাগরিক ফোরামের আহ্বায়ক আনোয়ারুল কবির অভিযোগ করেন, বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা নিজেরাই টিকিট কেটে রাখেন। পরে তাঁরা দালালদের মাধ্যমে বেশি দামে কালোবাজারে বিক্রি করে টু-পাইস কামাচ্ছেন। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

শহরের ভিএইড রোডের বাসিন্দা মিলন মিয়া বলেন, ‘গতকাল ছোট ভাইয়ের জন্য ঢাকা যাওয়ার টিকিট নিতে হানিফ পরিবহনের কাউন্টারে গিয়েছিলাম। যাওয়ার সঙ্গেই জানিয়ে দেওয়া হলো, টিকিট নেই। পরে কাউন্টারের সামনে দাঁড়ানো এক দালালের কাছে ৪৫০ টাকার টিকিট ৯০০ টাকায় কিনলাম। সদর উপজেলার বালুয়া গ্রামের মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, হানিফ পরিবহনের টিকিট না পেয়ে ট্রেনের টিকিটের জন্য গাইবান্ধা রেলস্টেশনে গেলাম। সেখানেও একই অবস্থা। ২০০ টাকা বেশি দিয়ে এক হকারের কাছে ঢাকার ফিরতি টিকিট কিনলাম।’

এদিকে ফিরতি টিকিট না পেয়ে গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শহরের ডিবি রোডে অবস্থিত এসআর পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। টিকিট প্রত্যাশী লোকজন এ ঘটনা ঘটায়।

জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিবুল হক গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘অতিরিক্ত দামে ও কালোবাজারে টিকিট বিক্রির কথা শুনেছি। এ নিয়ে আজ সোমবার সভা ডাকা হয়েছে।’ জানতে চাইলে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ‘কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’