গাইবান্ধায় গণপিটুনিতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গতকাল শুক্রবার রাতে গণপিটুনিতে আহত সিদ্দিক মিয়ার (৩০) মৃত্যু হয়েছে। ডাকাতির চেষ্টা করার অভিযোগে তাঁকে গণপিটুনি দেওয়া হয়।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সিদ্দিককে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। নিহত সিদ্দিক মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা দক্ষিণ মিরুপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

গতকাল দিবাগত রাত একটার দিকে উপজেলার সাকোয়া সেতু এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজনকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। ওই চারজন হলেন সিদ্দিক মিয়া, একই উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত জহুরুল হকের ছেলে লাল মিয়া (২৫), কালিতলা গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে শফিকুল (৩০) ও পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকার মৃত মফছের আলীর ছেলে আইয়ুব আলী (৪৫)।

পলাশবাড়ী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় জনতার গণপিটুনিতে আহত চারজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত চারটার দিকে থানায় নিয়ে যায়। আহতদের মধ্যে সিদ্দিকের অবস্থার অবনতি হলে আজ দুপুরে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান বাদী হয়ে একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তনয় কুমার বলেন, সিদ্দিককে মৃত অবস্থাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাত আটটার দিকে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, সিদ্দিক মিয়াসহ ওই চারজন দীর্ঘদিন ধরে ছিনতাই-ডাকাতির সঙ্গে জড়িত।