গাইবান্ধায় গৃহবধূ খুন, শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে সুমাইয়া আকতার (৪) নামের এক শিশু এবং গোবিন্দগঞ্জ উপজেলা থেকে শারমিন বেগম (১৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 গতকাল শুক্রবার সকালে সুন্দরগঞ্জের তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ এবং একই দিন দুপুরে গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রাম থেকে শারমিন বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে নিজামখাঁ গ্রামের তারা মিয়ার চার বছরের মেয়ে সুমাইয়া নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

গতকাল সকালে স্থানীয়  লোকজন ওই গ্রামের একটি পুকুরে সুমাইয়ার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সুমাইয়ার চাচি রেহেনা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেইলি ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে শারমিন বেগমের সঙ্গে পাঁচ মাস আগে গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামের আজাদুল ইসলামের ছেলে রেজওয়ান হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে রেজওয়ানের সঙ্গে শারমিনের কথা–কাটাকাটি হয়।

একপর্যায়ে রেজওয়ান তাকে বেদম মারপিট করেন। এতে গুরুতর আহত হয় শারমিন। ভোররাতে সে মারা যায়। স্থানীয় লোকজন গতকাল সকালে ঘরে শারমিনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

গতকাল বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

শারমিন বেগমের বাবা শাহ আলমের অভিযোগ, ‘আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

এদিকে ঘটনার পর থেকে স্বামী রেজওয়ান ও তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের বক্তব্য নেওয়া যায়নি।