গাইবান্ধায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাটকেপাড়া গ্রামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার গৃহবধূর স্বামীর বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর নাম নবিজান বেগম (৩০)। স্বামীর নাম আবদুর রশিদ। রোববার দিবাগত রাতে দুজনের ঝগড়া হয়। একপর্যায়ে রশিদ স্ত্রীকে এলোপাতাড়ি পেটান। এতে নবিজানের মৃত্যু হয়। কিন্তু পরদিন সকালে এ ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করেন রশিদ। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে গৃহবধূর বাবা একই গ্রামের নবির হোসেন বাদী হয়ে রশিদের বিরুদ্ধে মামলা করেন। এরপর রশিদকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বামনডাঙ্গা রেলস্টেশনের গেটম্যান।
জানতে চাইলে বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াহেদ বলেন, গৃহবধূর কোমর ও পেটে জখমের চিহ্ন ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ তাঁর স্ত্রীকে মারধরের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।