গাইবান্ধায় চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার রাতে ছাত্রীটির চাচা বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।
এজাহার সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান লেংগাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি প্রায়ই বিদ্যালয়ের ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। পরে ছাত্রীটি পার্শ্ববর্তী খোর্দ মালিবাড়ি উচ্চবিদ্যালয়ে ভর্তি হয়। তারপরও তিনি (মোস্তাফিজুর) তাকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। গত ২৭ মে রাত ১১টার দিকে মোস্তাফিজুর ওই ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রীটি চিৎকার করলে তিনি পালিয়ে যান। এরপর থেকে তিনি মামলা না করতে ওই ছাত্রীর পরিবারকে হুমকি দিচ্ছিলেন। শনিবার রাতে ছাত্রীর চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা করেন।
এ বিষয়ে জানতে গতকাল রোববার বিকেলে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
ছাত্রীটির পরিবারের অভিযোগ, চেয়ারম্যান ও তাঁর লোকজনের হুমকির কারণে মামলা করতে দেরি হয়েছে। শনিবার রাতেই সদর
থানার পুলিশ লক্ষ্মীপুরে আসে। কিন্তু পুলিশ চেয়ারম্যানকে গ্রেপ্তার না করে তাঁর সঙ্গে কথাবার্তা বলে ফিরে যায়।
এ অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চেয়ারম্যানকে গ্রেপ্তারে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। চেয়ারম্যানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।