গাইবান্ধায় তিন ব্যবসায়ীকে গুলি করে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার ঝাউবাড়ি এলাকায় গত শুক্রবার রাতে তিন ব্যবসায়ীকে গুলি করে প্রায় দুই লাখ টাকা লুট করেছে ডাকাতেরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছে।
সদর থানার পুলিশ ও আহত ব্যবসায়ীদের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলার হাওরাপার গ্রামের ব্যবসায়ী আমিনুল ইসলাম (২৫), মনজিল হোসেন (২৭) ও মনজিলের ছোট ভাই মধু মিয়া (২২) শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তাঁরা গাইবান্ধা-কামারজানি সড়কের ঝাউবাড়ি এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল তাঁদের পথ রোধ করে। এ সময় ডাকাতেরা টাকা লুট করার চেষ্টা করলে ওই ব্যবসায়ীরা বাধা দেন। পরে ডাকাতেরা ওই তিন ব্যবসায়ীকে গুলি করে প্রায় দুই লাখ টাকা লুট করে দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। আমিনুলের মাথা, মনজিল ও মধু মিয়ার বাঁ পায়ে গুলি লেগেছে।