গাইবান্ধায় ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার
এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গতকাল শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের মৌজা মালিবাড়ি এলাকা থেকে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মালিবাড়ি ইউনিয়নের ধর্মপুরের আহম্মদ আলী (৩৫), মন্টু মিয়া (৪৫) ও পাশের কূপতলা ইউনিয়নের কূপতলা গ্রামের ভ্যানচালক মজনু মিয়া (২২)।
গাইবান্ধা সদর থানার পুলিশ জানায়, ধর্ষণের শিকার গৃহবধূর স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। গত শুক্রবার বিকেলে ওই গৃহবধূ বাড়ির অদূরে লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা বাজারের আশরাফুল ইসলামের দোকানে মুঠোফোনে টাকা ডাউনলোড ও গান রেকর্ডিংয়ের জন্য যান। আশরাফুল তাঁর কম্পিউটার নষ্ট বলে গৃহবধূকে জানান। পরে আশরাফুল কৌশলে অন্য একটি কম্পিউটার থেকে গান ডাউনলোড করার কথা বলে গৃহবধূকে আহম্মদ আলীর (গ্রেপ্তার) বাড়িতে নিয়ে যান। সেখানে গৃহবধূ গণধর্ষণের শিকার হন। এরপর রাতে ভ্যানচালক মজনু মিয়া অসুস্থ গৃহবধূকে তাঁর বাবার বাড়ির কাছে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় ওই গৃহবধূ গতকাল পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার গতকাল বিকেলে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।