গাইবান্ধায় নিবন্ধনহীন মোটরসাইকেল বেপরোয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধায় চলাচলকারী বেশির ভাগ মোটরসাইকেলের নিবন্ধন নম্বর নেই। নেই কোনো নম্বরপ্লেটও। দুর্বৃত্তরা এসব মোটরসাইকেল ব্যবহার করে নানা অপরাধ করে বেড়াচ্ছে। গাইবান্ধা-১ আসনের সাংসদকে বাসায় ঢুকে হত্যার ঘটনায়ও নিবন্ধনহীন মোটরসাইকেল ব্যবহার করা হয়।
গাইবান্ধা বিআরটিএ কার্যালয় সূত্র জানায়, এ জেলায় নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে ১৭ হাজার ৫০০টি। আর নিবন্ধনহীন মোটরসাইকেলের সংখ্যা ৪ থেকে ৫ হাজার। বাস্তবে নিবন্ধনহীন মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি।
তবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান বিপণিবিতানের সামনে প্রায় আধা ঘণ্টা দাঁড়িয়ে থেকে ৩৫টি মোটরসাইকেল চলাচল করতে দেখা যায়। এর মধ্যে ১৯টিতে নম্বরপ্লেট ছিল না। এ সময় ডিবি রোডের ব্যবসায়ী আলম মিয়া বলেন, ‘আমরা টেলিভিশন ও পত্রিকায় দেখি, দেশে যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দুর্বৃত্ত ও জঙ্গিরা হত্যা করছে, সেসব ঘটনার বেশির ভাগই নিবন্ধনহীন মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। নম্বরপ্লেটে কড়াকড়ি আরোপ করা হলে এ ধরনের অপরাধপ্রবণতা কমে যাবে।’
নিবন্ধনহীন মোটরসাইকেল চালাচ্ছেন কেন—জানতে চাইলে সদর উপজেলার সাহাপাড়া গ্রামের ধান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুই বছর আগে মোটরসাইকেল কিনেছি। কিন্তু রেজিস্ট্রেশন করা হয়নি।’
সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলা শহরের বাহিরগোলা মোড়ে দাঁড়িয়ে থেকে দেখা যায়, ১০ মিনিটের মধ্যে ওই সড়কে ১৯টি মোটরসাইকেল চলাচল করে। এর মধ্যে ১১টিতে নিবন্ধন নম্বর দেখা যায়নি। এ সময় সুন্দরগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামের স্কুলশিক্ষক শাহজাহান আলী বলেন, নম্বরপ্লেট থাকলে সহজেই মোটরসাইকেলের মালিককে শনাক্ত করা সম্ভব। মালিকের সূত্র ধরে অপরাধীকেও চিহ্নিত করা সহজ হতো। কিন্তু নম্বরপ্লেট না থাকলে সেই সুযোগ থাকে না।
গাইবান্ধা নাগরিক পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, জেলায় নিবন্ধনহীন মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি। রাস্তাঘাটে বেরুলেই নিবন্ধনহীন মোটরসাইকেল চোখে পড়ে। এসব মোটরসাইকেল বেপরোয়া গতিতে চালানো হয়। পুলিশ প্রশাসন মাঝেমধ্যে এসব মোটরসাইকেল আটক করলেও কী এক রহস্যজনক কারণে ছেড়ে দেয়।
গাইবান্ধা ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) রায়হান ইবনে রহমান বলেন, এখানে নিবন্ধনহীন মোটরসাইকেল খুব একটা নেই। কারণ মোটরসাইকেল শোরুম মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রি না করতে। তারপরও অভিযান চালিয়ে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি জব্দ ও জরিমানা করা হচ্ছে।
গাইবান্ধা বিআরটিএর মোটরযান পরিদর্শক রুহুল আমিন বলেন, নিবন্ধনহীন মোটরসাইকেল চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল বিক্রি না করতে বিক্রেতাদের নিষেধ করা হয়েছে।