গাইবান্ধায় নির্বাচনী সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে নির্বাচনী সংঘর্ষে আহত সাইদার রহমান (৩৬) আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

এ নিয়ে ছয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ১১৩ জনের মৃত্যু হলো।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ৪ জুন তালুককানুপুর ইউনিয়নের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী দুদু মিয়া (নির্বাচিত) ও আবদুর রহিম মিয়ার (পরাজিত) সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুদু মিয়ার সমর্থক সাইদার রহমানসহ উভয় পক্ষের চারজন আহত হন। গুরুতর আহত অবস্থায় সাইদারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল আটটার দিকে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়নি।

ওসি আরও বলেন, হাসপাতাল থেকে সাইদারের লাশ আজ দুপুরে তাঁর পরিবারের লোকজন গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যান। এরপর লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।