গাইবান্ধায় পিটুনিতে ইউপি সদস্য নিহত
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য ইউসুব মণ্ডল (৪০) গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
নিহত ইউসুব মণ্ডল ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামের মকবুল মণ্ডলের ছেলে। তিনি একটি হত্যা মামলার আসামি ছিলেন। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর ইউসুব মণ্ডল ও তাঁর লোকজন চক ভগবানপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রানা মোল্লাকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর রানার ছোট ভাই মিঠু মোল্লা ইউসুব মণ্ডলকে প্রধান আসামি করে ৩১ জনের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলা করেন। জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই ইউসুব মণ্ডল মিঠু মোল্লা ও তাঁর পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ নিয়ে কয়েক দিন ধরে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল।
মিঠু মোল্লার ভাষ্য, ‘গতকাল রাত নয়টার দিকে ইউসুব মণ্ডল আমার বাড়িতে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও সপরিবারে হত্যার হুমকি দেন। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঐক্যবদ্ধ হয়ে ইউসুব মণ্ডলকে গণধোলাই দিয়ে আটকে রাখে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।’
খবর পেয়ে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্য ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউসুব মণ্ডলকে গতকাল দিবাগত রাত বারটার দিকে উদ্ধার করে। পরে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে আজ সকালে ইউসুব মণ্ডলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে ইউসুব মণ্ডলের বাবা মকবুল মণ্ডল দাবি করেছেন, পূর্ব শক্রতার জের ধরে মিঠু মোল্লা ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে ইউসুবকে পিটিয়ে হত্যা করেছেন। তিনি বলেন, ‘আমি এই হত্যার বিচার চাই।’
আজ বিকেল সাড়ে চারটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।