গাইবান্ধায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের মধ্যপাড়া এলাকার ব্যবসায়ী তরুণ দত্তের (৩৮) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বর্ধনকুটি এলাকার একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত তরুণ দত্ত উপজেলা শহরের মধ্যপাড়ার মৃত হিরেন দত্তের ছেলে। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর স্ত্রী মিতা দত্ত বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, আজ সকালে স্থানীয় লোকজন বর্ধনকুটি এলাকার একটি কালভার্টের নিচে গলাকাটা অবস্থায় তরুণ দত্তের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাঁর পরনে আকাশি রঙের প্যান্ট ও পায়ে সাদা কেডস ছিল। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মিতা দত্ত বলেন, আজ ভোরে তাঁর স্বামী প্রতিদিনের মতো হাঁটতে বের হন। কিন্তু বেলা বেড়ে গেলেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে লোকমুখে মৃত্যুর খবর পান।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তরুণ দত্তকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।