গাইবান্ধায় যুবক খুন
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কালিরখামার গ্রামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি কালিরখামার গ্রামের আকবর হোসেনের ছেলে।
সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা সাইফুলকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিনি রাতে বাড়ি ফিরে আসেননি। গতকাল রোববার সকালে স্থানীয় লোকজন গ্রামের বিলের জমিতে গলায় মাপলার প্যঁাচানো অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় সাইফুলের স্ত্রী শ্যামলী বেগম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহত যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।