গাইবান্ধায় যুবদলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা যুবদলের দুই পক্ষের মধ্যে গতকাল রোববার পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। মিছিল করাকে কেন্দ্র করে জেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুন্নবী এবং সদর থানা যুবদলের আহ্বায়ক জামিরুল ইসলামের সমর্থকদের মধ্যে এই ঘটনা ঘটে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিনের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৭ জুলাই জেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুন্নবীর নেতৃত্বে গাইবান্ধা শহরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

একই দাবিতে কর্মসূচি পালন উপলক্ষে গতকাল রোববার দুপুরে সদর থানা যুবদলের সভাপতি জামিরুল ইসলাম ও শহর যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর পার্ক থেকে শুরু হয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রামসরকার-বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক হানিফ বেলাল এই মিছিলে অংশ নেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সার্কুলার রোডের দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে মাহমুদুন্নবী পক্ষের নেতা-কর্মীরা মিছিলটিতে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সদর থানা যুবদলের আহ্বায়ক জামিরুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জেলা যুবদলের কমিটি গঠন নিয়ে যুবদলের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এর জের ধরে আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা বাধা দেয়।’ তবে জেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুন্নবী বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী বাধা দেয়নি।’